খ্যাতনামা দলবদল-বিষয়ক সাংবাদিক রোমানো তাঁর পরিচিত “হিয়ার উই গো” বার্তায় নিশ্চিত করেছেন, চেলসির ফরোয়ার্ড গারনাচোকে ধারে দলে নিচ্ছে অ্যাস্টন ভিলা। ধারের চুক্তিতে নির্দিষ্ট শর্ত পূরণ হলে বাধ্যতামূলকভাবে কিনে নেওয়ার ধারাও রয়েছে।

রোমানো জানিয়েছেন, ভিলার কোচ উনাই এমেরি বরাবরই গারনাচোকে পেতে চেয়েছেন এবং খেলোয়াড়টির স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থাও সম্পন্ন হয়েছে।
পরে দ্য অ্যাথলেটিক জানায়, শর্তসাপেক্ষ বাধ্যতামূলক কেনার ধারা কার্যকর হয়ে দলবদলটি স্থায়ী হলে গারনাচো ভিলার সঙ্গে চার বছরের চুক্তি করবেন।
বর্তমানে ২২ বছর বয়সী গারনাচো গত গ্রীষ্মকালীন দলবদলে ৪৬.২ মিলিয়ন ইউরোতে ম্যানচেস্টার ইউনাইটেড থেকে চেলসিতে যোগ দেন। গত মৌসুমে চেলসির হয়ে ৪৩ ম্যাচে তিনি ৮ গোল ও ৪টি অ্যাসিস্ট করেন। চেলসির সঙ্গে তাঁর চুক্তির মেয়াদ ২০৩২ সাল পর্যন্ত।
